[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম গ্রেপ্তার

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৫:৫৪ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কাশেম দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত শনিবার (৩ অক্টোবর) রাতে কিশোরীটি বাড়ির পাশের একটি স্থানে গেলে কাশেম তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

 

পরদিন বিষয়টি কিশোরীটি এক প্রতিবেশীকে জানায়। পরে ঘটনাটি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়।

 

পরিবারের অভিযোগ, তারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় ঘটনাটি প্রকাশ না করতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের ওপর চাপ সৃষ্টি করেন। এমনকি বিষয়টি জানাজানি হলে মেয়েটির ভবিষ্যৎ নিয়ে সমস্যা হবে—এমন ভয়ও দেখানো হয়। কাশেমের স্ত্রীও পরিবারটিকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে কিশোরীকে অভিযুক্তের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগও করেছে পরিবারটি।

 

পরিবারটির সদস্যরা জানান, কিশোরীর বাবা ঝালমুড়ি বিক্রি করেন এবং মা অন্যের বাড়িতে কাজ করেন। তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে তাদের সংসার চলে কষ্টে।

 

মঙ্গলবার সকাল ১০টার দিকে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে কিশোরীটি তাদের কাছে ঘটনার কথা জানায়। পরে বিষয়টি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদকে জানানো হয়। তার নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে কাশেমকে গ্রেপ্তার করে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর