[email protected] মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

জারিয়ার লোকাল ট্রেন পুনরায় চালু, স্বস্তিতে হাজারো যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ৮:০৮ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার

 কামালের পদক্ষেপে পুনরায় চালু হয়েছে ময়মনসিংহ-জারিয়া রুটের লোকাল ট্রেন। দীর্ঘদিন ধরে ইঞ্জিন সংকটের কারণে বন্ধ থাকার পর রোববার (৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি জারিয়া রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

​পূর্ব ঘোষণা ছাড়াই এ রুটের একমাত্র লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়া এলাকার হাজারো সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়েছিল। গত শনিবার (৩ অক্টোবর) বিষয়টি জানতে পেরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে রেলপথ মন্ত্রণালয় ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

​রেল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জারিয়া লোকাল ট্রেনটি মূলত ২৩০০ ও ২৪০০ সিরিজের ইঞ্জিন দিয়ে পরিচালিত হয়। ডেপুটি স্পিকারের আহ্বানে সাড়া দিয়ে ওয়ার্কশপে মেরামতের জন্য থাকা ৬টি ইঞ্জিনের মধ্য থেকে দ্রুত একটি ইঞ্জিন ময়মনসিংহে পাঠানো হয়, যার ফলে সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গত সেপ্টেম্বর মাসে ট্রেনটি মাত্র ৮ দিন অনিয়মিতভাবে চলেছে এবং সর্বশেষ ২৯ সেপ্টেম্বর দুটি ট্রিপ পরিচালনার পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ট্রেনের এই পুনযাত্রায় স্থানীয় নিম্ন-আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​উল্লেখ্য, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার নতুন রেললাইন সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার। ইতোমধ্যেই রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাটি সরজমিনে পরিদর্শন করেছেন। এছাড়া ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এই রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর প্রক্রিয়া ও কারিগরি সমীক্ষা চলছে, যা দ্রুত সময়ের মধ্যে চালু হতে পারে বলে জানিয়েছেন জারিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মনির হোসেন।

এসআর

সম্পর্কিত খবর