[email protected] সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ৮:২৪ পিএম

সংগৃহীত ছবি

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, লালন শাহ মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার দিকে একজন ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি সেখানে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

 

ঘটনার পর এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করার অভিযোগ তোলেন।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা যায়। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা এবং এর সঙ্গে কুষ্টিয়ার ঘটনাটির সরাসরি সম্পর্ক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

ঘটনাস্থলে থাকা জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন ঘটনার সত্যতা দাবি করে বলেন, মাজারের মতো পবিত্র স্থানে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। পরে প্রশাসনের পাশাপাশি স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন বলেও তিনি জানান।

 

এর আগে গত ২২ মে ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল। স্থানটি পুরোনো ডিসি কোর্ট এলাকা হিসেবে পরিচিত।

 

এ ছাড়া ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

এসআর

সম্পর্কিত খবর