দেশের বর্তমান সামাজিক ও প্রশাসনিক পেক্ষাপটে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও
নানামুখী সংকটের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা প্রকাশ করেছেন ড. শামারুহ মির্জা। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশের গ্রামীণ জনপদের জনস্বাস্থ্য রক্ষা এবং পারিবারিক ও সামাজিক বিরোধের প্রধান কারণ— জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে সুচিন্তিত কিছু মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় ড. শামারুহ মির্জা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি নির্দিষ্ট প্রস্তাব রাখেন। তিনি হামের টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি প্রয়োজনে এতে প্রণোদনা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গ্রামগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং গবাদিপশুর টিকাদান কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি টিকাদান ও জনসচেতনতা বাড়াতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা এবং গণমাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহারের পরামর্শ দেন। এ ছাড়া জমি দখল ও এ সংক্রান্ত সহিংসতা রুখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণের দাবি জানান।
পোস্টের একটি বড় অংশজুড়ে ড. শামারুহ মির্জা দেশের জমিজমা সংক্রান্ত দীর্ঘমেয়াদী পারিবারিক ও সামাজিক বিরোধের বিষয়টি তুলে ধরেন। ৫ আগস্টের পর থেকে নিজের বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লেখেন, ভাইয়ে-ভাইয়ে, নিকট আত্মীয় ও ব্যবসায়িক অংশীদারদের মধ্যে জমি কেন্দ্রিক বিরোধ অত্যন্ত প্রকট। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, জমির বিরোধের ক্ষেত্রে মানুষ সহজে ছাড় দিতে চায় না; ফলে বছরের পর বছর ধরে সম্পর্কের অবক্ষয় ঘটে এবং মানুষের নেতিবাচক আচরণ প্রকাশ্যে আসে। জনস্বাস্থ্য ও সামাজিক শৃঙ্খলার এই তৃণমূল বিষয়গুলো সামনে আনার জন্য বিশেষজ্ঞরা তাঁর উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন।
এসআর