কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের হিসাব অনুযায়ী, সুধারাম মডেল ও হাতিয়া থানায় ২৯ জন করে আটক হয়েছেন। বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগে ২১ জন, চাটখিলে ৮ জন, চরজব্বরে ১০ জন এবং কবিরহাটে ১১ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া কোম্পানীগঞ্জ থানায় ১০ জন এবং সোনাইমুড়ী থানায় ২২ জনকে আটক করা হয়। কোম্পানীগঞ্জে আটক ব্যক্তিদের মধ্যে চারজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪ ধারায় এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অন্যদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে পাঠানো হয়।
সোনাইমুড়ী থানায় আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪ ধারায় এবং আরও তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অবশিষ্টদের মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নোয়াখালী জেলা পুলিশ।
এসআর