[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি

জেলার ১৮টি থানায় একযোগে চালানো এ অভিযানে নগরীসহ বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, বুধবার রাতে জেলার বিভিন্ন এলাকায় একসঙ্গে অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোর ও উঠতি বয়সীদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান শুরু করা হয়।

 

অভিযানের আওতায় নগরীর পাশাপাশি জেলার প্রতিটি থানার আওতাধীন এমন সব এলাকায় তল্লাশি চালানো হয়, যেখানে কিশোর গ্যাং কিংবা বখাটেদের তৎপরতার অভিযোগ রয়েছে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে উপস্থিত ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, আটক ৬২৪ জনের বিরুদ্ধে আগে কোনো অপরাধে জড়িত থাকার তথ্য বা মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাইয়ে কারও অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের অতীত অপরাধের রেকর্ড ও সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনা করে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর