[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যা: জিজ্ঞাসাবাদের পর আনাসকে ছেড়ে দিল এসআরবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় আটক শাহরিয়া আনাসকে ছেড়ে দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

প্রাথমিকভাবে তার সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের যোগাযোগের তথ্য পাওয়া গেলেও তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থাটি।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) আনাসকে হেফাজতে নেয় এসআরবি। পরে রোববার (২০ সেপ্টেম্বর) তাকে ছেড়ে দেওয়া হয়।

 

এসআরবি-১১-এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, অপ্রতিম হত্যা মামলায় আটক অন্যদের সঙ্গে আনাসের যোগাযোগ থাকার একটি তথ্য তাদের কাছে ছিল। সে কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও ডাকা হতে পারে।

 

আনাসকে আটকের পর তার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি কিশোর অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরে হত্যাকাণ্ডে আনাসের সংশ্লিষ্টতা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

 

এর আগে পুলিশের এক সংবাদ সম্মেলনেও আনাসকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়। পুলিশ তখন জানায়, তাদের পক্ষ থেকে আনাসকে আটক করা হয়নি। পরে এসআরবির পক্ষ থেকে জানা যায়, তাকে শনিবার হেফাজতে নেওয়া হলেও রোববার সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এদিকে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

 

এর আগের দিন শুক্রবার বেলা আড়াইটার দিকে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপ্রতিমের সঙ্গে ঘোরাফেরা করা তুহিনকে প্রথমে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। তুহিনকে আটকের পর সদর সার্কেল পুলিশের এএসপি মুস্তাইন বিল্লাহও জানিয়েছিলেন, আনাস হেফাজতে রয়েছেন।

 

পুলিশ জানিয়েছে, অপ্রতিম হত্যা মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং সালমানপুর এলাকার ১৫ বছর বয়সী এক কিশোর ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাতিগাড়া এলাকার ১৬ বছর বয়সী আরেক কিশোর রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের কারও বিরুদ্ধে আগে কোনো পুলিশ রেকর্ড (পিসিপিআর) নেই।

এসআর

সম্পর্কিত খবর