সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষর করা এক স্মারকে নির্বাচিত শিক্ষকদের নাম বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়।
নির্বাচিত চার শিক্ষক হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম, ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবং গোলাপগঞ্জের ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রাণী দাস।
এর আগে চলতি বছরের ২৩ জুলাই ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন বিউটি রাণী পাল। নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা মন্তব্য ও ট্রল শুরু হয়।
এর প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা একই গানকে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন। বিষয়টি তখন ব্যাপকভাবে আলোচনায় আসে।
সমালোচনার ওই সময়ে পাশে দাঁড়ানো দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন বিউটি রাণী পাল।
এদিকে এর আগেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী বিউটি রাণী পাল।
এসআর