[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

বাসের ধাক্কায় ময়মনসিংহে ঝরল দুই প্রাণ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২২ এএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে দুই যানবাহনের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

 

ধাক্কার পর বাসটি সড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।

 

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।

 

বাসের যাত্রী বৃষ্টি আক্তার জানান, বাসটি চলার সময় চালক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এতে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে চালকের সহকারী নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেও বাসটি থামাতে পারেননি।

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ধীর হয়ে যায়।

এসআর

সম্পর্কিত খবর