[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

পানি সংকট নিরসনের দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৬ পিএম

সংগৃহীত ছবি

নিরাপদ সুপেয় পানি এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির সহজলভ্যতা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছেন স্থানীয় যুবরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রংতুলি ইয়ুথ টিম, রমজাননগর ও পিঁপিঁলিকা ইয়ুথ টিমের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ ও এলআরপি-৫৪-এর সহযোগিতায় শ্যামনগরের বিভিন্ন যুব সদস্য এতে অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় শ্যামনগরে দিন দিন লবণাক্ততা বাড়ছে। এর সঙ্গে সুপেয় পানির সংকট, কৃষিকাজে পানির স্বল্পতা ও জলাবদ্ধতা স্থানীয় মানুষের জীবন-জীবিকায় বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ায় অনেক পুকুর ও নলকূপের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে বহু পরিবারকে দূরবর্তী এলাকা থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়।

 

তারা আরও বলেন, বৃষ্টির পানি সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা ও জলাধারের ঘাটতি, পুকুর-খালের সীমিত ব্যবহার, লবণাক্ত পানির অনুপ্রবেশ এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা শ্যামনগরের পানি সংকটকে দীর্ঘস্থায়ী করছে। পাশাপাশি লবণাক্ততা ও শুষ্ক মৌসুমে গবাদিপশুর জন্যও নিরাপদ ও ব্যবহারযোগ্য পানির সংকট দেখা দেয়।

 

মানববন্ধন শেষে যুব প্রতিনিধিরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন। এতে কমিউনিটি পর্যায়ে পুকুর ও খাল খনন এবং পুনঃখনন, বিদ্যমান পিএসএফের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী নতুন পিএসএফ স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি সৌরচালিত পিএসএফ, লবণাক্ত পানি পরিশোধনের জন্য রিভার্স অসমোসিস (আরও) প্ল্যান্ট স্থাপন এবং ব্যক্তি মালিকানাধীন পুকুর পুনঃখননের দাবিও রাখা হয়।

 

স্মারকলিপিতে চিংড়িঘেরে লবণাক্ত পানি প্রবেশ নিয়ন্ত্রণ, বন্ধ ও ভরাট হয়ে যাওয়া খাল-নালা পুনরুদ্ধার, স্লুইস গেটের সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং লবণসহিষ্ণু বীজের ব্যবহার বাড়ানোর কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে কৃষি ও মৎস্যচাষে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির দাবি জানানো হয়।

 

যুব প্রতিনিধিরা বলেন, শ্যামনগরের পানি সংকট মোকাবিলায় সরকারি সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী ও যুবসমাজকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপদ পানি ও কৃষিকাজের উপযোগী পানির নিশ্চয়তায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এসআর

সম্পর্কিত খবর