দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন
স্থানীয় কৃষকরা। বাজারমূল্য ভালো পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মুলা ও হরেক রকমের শাকসবজি আবাদ করা হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৭৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৫ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চল থেকে প্রায় ১৮ হাজার ৮৭৫ মেট্রিক টন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, উৎপাদিত সবজির মোট বাজারমূল্য ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। কেজিপ্রতি উৎপাদন খরচ ২৮ থেকে ৩০ টাকা বাদ দিয়ে স্থানীয় কৃষকরা প্রায় অর্ধকোটি টাকা নিট মুনাফা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
মাঠপর্যায়ে সেচ, নিড়ানি ও চারা রোপণের কাজে ব্যস্ত কৃষকরা জানান, আগাম সবজির চড়া চাহিদা থাকায় পাইকাররা মাঠ থেকেই পণ্য কিনে নিচ্ছেন। কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানিয়েছেন, কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং ফলন ভালো রাখতে আধুনিক চাষাবাদ ও রোগবালাই দমনে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
এসআর