বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু।
পরিদর্শনের সময় এমপি মঞ্জু বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিদ্যালয় প্রাঙ্গণের পরিবেশ আরও সুন্দর ও সবুজ করতে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
এ সময় মো. মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজেরই অংশ। তাদের প্রতি দায়িত্ব কেবল পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়; এ দায়িত্ব সমাজের সবার।
সরকারের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতন ও সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এসব শিশুকে কখনো বোঝা হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদের মতো তাদেরও স্বপ্ন ও সম্ভাবনা রয়েছে। প্রয়োজন যথাযথ যত্ন, ভালোবাসা এবং উপযুক্ত সুযোগ।
বীরগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুবিধা পেয়ে সমাজের মূলধারায় এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।
বিদ্যালয়ের পরিবেশ প্রসঙ্গে এমপি মঞ্জু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর ও সবুজ পরিবেশ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।
এ কারণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও উপযোগী পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮৬ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী পড়াশোনা করছে।
তাদের শিক্ষা ও পরিচর্যার দায়িত্বে রয়েছেন নয়জন শিক্ষক।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজু ইসলাম।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসআর