[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

সন্তানের মুখ দেখার কয়েক দিনের মধ্যেই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৮ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস।

মর্মান্তিক এ ঘটনার মাত্র কয়েক দিন আগেই তিনি প্রথমবারের মতো বাবা হয়েছিলেন।

 

নিহত পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে। পরিবারের তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণ চলছিল। এরই মধ্যে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সৈনিক পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। দুর্ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

 

স্থানীয় বাসিন্দারা জানান, পিয়াস ছোটবেলা থেকেই শান্ত ও নম্র স্বভাবের ছিলেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন এবং সহজ-সরল আচরণের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা ছিল। সেনাবাহিনীতে চাকরির কারণে তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন।

 

তবে তার আকস্মিক মৃত্যুতে সবচেয়ে বেশি শোক নেমে এসেছে পরিবারে। কয়েক দিন আগেই পিয়াসের পরিবারে জন্ম নেয় এক নবজাতক। সন্তান জন্মের আনন্দ কাটতে না কাটতেই তার মৃত্যুর সংবাদ আসে। বাবার স্নেহ পাওয়ার সুযোগ হওয়ার আগেই সদ্যোজাত সন্তানটি হারাল বাবাকে।

 

পিয়াসের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে অনেকেই বাড়িতে ছুটে যান।

 

স্থানীয়রা জানান, পিয়াসের মতো একজন সদালাপী ও ভালো মনের তরুণের এমন আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন। বিশেষ করে সন্তান জন্মের কয়েক দিনের মধ্যেই তার চলে যাওয়া পরিবারটির জন্য বেদনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

 

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এসআর

সম্পর্কিত খবর