বর্তমান সরকার মানবিক সরকার এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য
সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণের যেকোনো উদ্যোগ থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন, যাতে সংবাদকর্মীরা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন। ৪ অক্টোবর সকালে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে সাংবাদিক প্রশিক্ষণ এবং প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার মাধ্যমে অপসাংবাদিকতা রোধ ও সুস্থ ধারার সাংবাদিকতা নিশ্চিত করা হচ্ছে। তবে বাকস্বাধীনতার নামে কাউকে হেয় করা বা সামাজিক হুমকি তৈরির কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করবে না এবং অনিয়ম দেখলে সাংবাদিকদের সরব হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
এসআর