ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী সড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের পর থেকে শুরু হওয়া যানজট শনিবার সকালেও অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় বিশেষ করে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী অংশে সড়কের একটি স্থানে বড় গর্ত তৈরি হয়েছিল।
গর্তটি দিন দিন বড় হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে সড়ক বিভাগ সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে।
সংস্কারকাজের সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে স্বাভাবিক গতিতে গাড়ি চলতে না পারায় ধীরে ধীরে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। পরে সেই চাপ দীর্ঘ যানজটে রূপ নেয়।
শনিবার সকালে যানবাহনের সংখ্যা আরও বেড়ে যাওয়ায় এক লেন দিয়ে অতিরিক্ত গাড়ির চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে যানজট আষাড়িয়ারচর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, ‘শুক্রবার মধ্যরাত থেকে গাড়ি নিয়ে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ অনেক বেড়ে গেছে।’
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ জানান, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে তিনি যানজটে আটকে রয়েছেন বলেও জানান।
মেঘনা টোলপ্লাজা এলাকায় আটকে থাকা এক বাসযাত্রী মাহাবুব বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও গাড়ি তেমন এগোচ্ছে না। এত দীর্ঘ যানজটের কারণও অনেক যাত্রী জানেন না।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের পেছনে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কারকাজই প্রধান কারণ।
একটি লেন বন্ধ থাকায় অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, যানজট কমিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজ চলছে। দুই লেনের একটি বন্ধ থাকায় অপর লেন দিয়ে পর্যায়ক্রমে গাড়ি পার করা হচ্ছে। এ কারণেই মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
যানজট নিয়ন্ত্রণ ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।
এসআর