সাতক্ষীরার শ্যামনগরে দরিদ্র ও অসহায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নকশীকাঁথা মহিলা সংগঠনের উদ্যোগে এ ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় শ্যামনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ১৩ জন দরিদ্র নারীর প্রত্যেককে দুটি করে মোট ২৬টি বকরি ছাগল বিনামূল্যে দেওয়া হয়। আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে এসব নারীকে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে ছাগল তুলে দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সমন্বয়কারী তপন কর্মকারসহ সংশ্লিষ্টরা।
এসআর