[email protected] রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

মধ্যরাতে বাইকে তরুণীকে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় ডাকা হলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ১:৩২ পিএম

সংগৃহীত ছবি

মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন অবস্থায় ঢাকার সড়কে দেখা যাওয়া সেই ২৬ বছর বয়সী তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) তরুণী তার বোন ও দুলাভাইকে সঙ্গে নিয়ে টঙ্গী থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।


এর আগে অনুসন্ধানে জানা যায়, উত্তরার একটি বারে মদপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন ওই তরুণী। এরপর দুই যুবক তাকে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।


ঘটনার সূত্রপাত বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে। আনুমানিক রাত ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দুই যুবকের সঙ্গে একটি মোটরসাইকেলে ওই তরুণীকে দেখতে পান মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে তিনি আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করেন।


তার ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের চালকের পেছনে বসা এক যুবক তরুণীকে শক্ত করে ধরে রেখেছিলেন। তরুণীর পা দুটি খালি অবস্থায় অস্বাভাবিকভাবে ঝুলছিল। এ দৃশ্য দেখে তিনি তরুণীটি অচেতন নাকি অন্য কোনো অবস্থায় ছিলেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।


ঘটনার পর মোটরসাইকেল ও এর আরোহীদের পরিচয় জানতে অনুসন্ধান শুরু হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনভর বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হয়।


মোটরসাইকেলের নম্বর প্লেটের তথ্যের ভিত্তিতে পাওয়া তথ্যে জানা যায়, সেটির মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায়। একই সূত্রে দুটি মোবাইল নম্বরের সন্ধান পাওয়া যায়। এর একটি নম্বরের শেষ তিন অঙ্ক ১৫২।


ওই নম্বরের মালিক হিসেবে একজন শোরুম ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেলেও তিনি দাবি করেছেন, তার শোরুম থেকে মোটরসাইকেলটি বিক্রি হয়নি। তার মোবাইল নম্বর কীভাবে মোটরসাইকেলটির সঙ্গে যুক্ত হলো, সে বিষয়েও তিনি কিছু জানেন না বলে জানান। অন্য নম্বরটি দীর্ঘ সময় ধরে বন্ধ পাওয়া যায়।


অনুসন্ধানে আরও জানা যায়, মোটরসাইকেলটির মালিকের বাড়ি আব্দুল্লাহপুরে হলেও চালকের বাড়ি রাজেন্দ্রপুর এলাকায়। তার নামের শেষাংশ ‘আলম’ বলে জানা গেছে।


এদিকে মোটরসাইকেলে থাকা তরুণীর বড় বোনের স্বামী জানান, তরুণীকে তিনি ‘মিতু’ নামে উল্লেখ করছেন। তার দাবি, আগে ওই তরুণী কখনো মদপান করেননি। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় তিনি রাগ করে বাসা থেকে বেরিয়ে যান।

পরে ওই যুবকের সঙ্গে মদপান করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
তরুণীর সঙ্গে ‘খোরশেদ’ নামে ওই ব্যক্তির সম্পর্ক কী—এমন প্রশ্নের জবাবে তার দুলাভাই জানান, তারা বিয়ে করবেন বলে শুনেছেন।


জানা গেছে, ওই তরুণীর আগে দুটি বিয়ে হয়েছিল। তার সাবেক এক স্বামী তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


শুক্রবার ফোনে তরুণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দীর্ঘ সময় কথা বলতে রাজি হননি। তিনি বর্তমানে ভালো আছেন জানিয়ে পরে সরাসরি দেখা করে বিস্তারিত বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।


তরুণীর দুলাভাইয়ের দাবি, বারে অসুস্থ হয়ে পড়ার পর ‘আলম’ ও তার এক বন্ধু তাকে নিয়ে টঙ্গীতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তরুণীর শারীরিক অবস্থার কারণে তারা টঙ্গীতে না গিয়ে মিরপুরের দিকে চলে যান। পরে মিরপুরে এক বান্ধবীর বাসায় তরুণীকে রেখে তার বোনকে ফোন করেন আলম।


এ ঘটনায় প্রকৃত ঘটনা কী ছিল, তা জানতে তরুণী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর