[email protected] শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু বলেই জামাত নেতার ওপর হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫৭ পিএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর এক নেতাকে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

হামলায় আহত হয়েছেন ফতুল্লার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জসীম মাতবর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসীম মাতবর কায়েমপুর মাতবর বাড়ির আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পরে খানপুর হাসপাতালে নিয়ে যান।

জসীম মাতবরের দাবি, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাহাদাৎ ও তার কয়েকজন সহযোগী সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হন।

এরপর থেকেই তারা তাকে অনুসরণ করছিলেন বলে অভিযোগ করেন তিনি।

জসীমের ভাষ্য অনুযায়ী, রাতে নামাজ শেষে বাড়ির দিকে ফেরার সময় কায়েমপুর এলাকায় শাহাদাৎ ও কয়েকজন তার গতিরোধ করেন।

এ সময় তাকে বলা হয়, এমপি আল আমিন ও জামায়াতের আমির আবদুল জব্বারের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে এবং ‘ডিসেম্বরে নেত্রী আসবে, তার আগেই তোকে মেরে ফেলব’ এমন হুমকি দেয় বলে অভিযোগ করেন জসীম।

তিনি আরও বলেন, হামলাকারীরা সুইচগিয়ার ও চাইনিজ কুড়াল দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সেখান থেকে হাসপাতালে যাওয়ার সময় একই এলাকায় আবারও হামলার শিকার হন বলে দাবি করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে হাসপাতালে পৌঁছে দেন।

ঘটনার নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।

সংগঠনটির মহানগর আমির হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এ ঘটনায় আহম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর