[email protected] বৃহঃস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কচুয়ার দুই যুবক নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার দুই যুবক নিহত হয়েছেন।

নিহত দুজন সম্পর্কে একই এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন কচুয়া উপজেলার সাহারপাড় এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং শাহারপাড়া পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি চট্টগ্রামের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তৌহিদ ঘটনাস্থলেই মারা যান

 

দুর্ঘটনায় গুরুতর আহত হন মাহি উদ্দিন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্বজনদের বরাতে জানা গেছে, দুই যুবক মোটরসাইকেলে করে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কচুয়ার উদ্দেশে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

 

দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত দুটি যান থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এসআর

সম্পর্কিত খবর