নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ঝানজাইল নাইট চেকপোস্টে দায়িত্ব পালন শেষে সকালে থানায় ফিরছিল পুলিশের একটি দল। পথে শিমুলতলী এলাকায় দ্রুতগতিতে চলাচল করা একটি অটোরিকশা ও এর আরোহীকে দেখে তাদের সন্দেহ হয়। পরে অটোরিকশাটিকে থামানোর জন্য ধাওয়া করলে চালক/আরোহী হৃদয় গাড়িটি রেখে পালানোর চেষ্টা করেন।
এ সময় এসআই (নিঃ) মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক তরুণকে উদ্ধার করা মাদক ও অটোরিকশাসহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এসআর