ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
বুধবার সকালে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি শুরু হয়।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর নেতৃত্বে জুলুসটি নাসিরনগর উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
জুলুসে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এ সময় অনেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় পতাকা। হামদ-নাত, দরুদ ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা সদর।
জুলুস শেষে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। মানবতার কল্যাণ, শান্তি, ন্যায়বিচার, সহমর্মিতা ও নৈতিকতার ক্ষেত্রে মহানবী (সা.)-এর শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাসিরপুর সাহেববাড়ির গদিনিশিন পীর আলহাজ সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী, সহসভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান।
এ ছাড়া ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাওলানা আবু বকর সিদ্দিক, শ্রীঘর দরবার শরীফের পীরজাদা মুফতি খন্দকার নজরুল ইসলাম, নাছিরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আবু নৌশাদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামানসহ বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ ও আলেমরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী।
এদিকে সুন্নিয়াতের প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ১৫ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত এ জশনে জুলুসকে ঘিরে সকাল থেকেই নাসিরনগর উপজেলা সদরে উৎসবের আমেজ দেখা যায়। শিশু থেকে শুরু করে প্রবীণ—বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন।
জুলুস ও ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে পুরো নাসিরনগর সদর প্রাণবন্ত হয়ে ওঠে।
এসআর