বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও চাঁদপুরের কচুয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া পৌর বাজার, বিশ্বরোড ও হাসপাতাল সড়কের বিভিন্ন স্থানে প্রায় এক মাস ১০ থেকে ১৫ দিন আগে নতুন ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। তবে বাতি জ্বলার পর মাত্র দুই-তিন দিনের মধ্যেই সেগুলো অকেজো হয়ে পড়ে। এরপর থেকে আর সচল হয়নি।
ফলে সন্ধ্যা নামার পর এসব এলাকার অনেক অংশ অন্ধকারে ডুবে যায়। রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এর সঙ্গে বিদ্যুৎ চলে গেলে পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
বিশেষ করে রাতে হাসপাতালমুখী রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বেশি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তাঝুঁকিও তৈরি হয়েছে। অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাইসহ নানা অপরাধের আশঙ্কা করছেন তারা। একই সঙ্গে পৌর এলাকার কিছু স্থানে এখনো ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘রাত ৮টার পর দোকান বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু একই সময়ে যদি সড়কের বাতিগুলোও না জ্বলে, তাহলে রাতে চলাচলকারী মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?’
স্থানীয় বাসিন্দাদের দাবি, কচুয়া পৌর এলাকার অকেজো ল্যাম্পপোস্টগুলো দ্রুত মেরামত করে চালু করতে হবে। পাশাপাশি যেসব গুরুত্বপূর্ণ স্থানে এখনো পর্যাপ্ত সড়কবাতি নেই, সেসব জায়গায় দ্রুত আলোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।
এসআর