গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাতার হামলায় মজিদ মোড়ল (৬৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর কলাপট্টি এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত মজিদ মোড়ল জামালপুর মধ্যপাড়ার প্রয়াত আলতু মোড়লের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার জামাতা মোজাম্মেল হোসেন (৩৫)। তিনি উত্তর জামালপুর সরকারপাড়ার প্রয়াত নোয়াব আলী সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হোসেনের সঙ্গে তার স্ত্রী শাহানাজ বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। স্বজনদের অভিযোগ, মাদকাসক্ত অবস্থায় মোজাম্মেল প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। একপর্যায়ে শাহানাজ স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন।
এরপরও মোজাম্মেল সেখানে গিয়ে তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে পরিবারের দাবি। এ নিয়ে শ্বশুর মজিদ মোড়লের সঙ্গেও তার বিরোধ তৈরি হয়।
নিহতের মেয়ে শাহানাজের ভাষ্য, শুক্রবার বিকেলে তার বাবা দোকানে ছিলেন। এ সময় মোজাম্মেল একটি ভ্রমণ ব্যাগ নিয়ে সেখানে আসেন। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে কুড়াল বের করে তিনি মজিদ মোড়লের ওপর হামলা চালান। একপর্যায়ে গুরুতর আহত হয়ে মজিদ মোড়ল মাটিতে পড়ে গেলে মোজাম্মেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যাওয়ার সময় ব্যাগটি সেখানেই পড়ে থাকে।
পরে স্থানীয়রা গুরুতর আহত মজিদ মোড়লকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মজিদ মোড়লের মৃত্যু হয়েছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসআর