পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত
হয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীসহ দেশের নানা প্রাপ্ত থেকে মাইজভান্ডারি অনুসারীরা উদ্যান প্রাঙ্গণে জড়ো হন। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও উদযাপন পরিষদের সম্মিলিত উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উৎসবের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে একটি বিশাল জশনে জুলুস বের হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে হুট করে নামা এক পশলা বৃষ্টিতে সমাবেশস্থলের কিছু অংশে কাদা তৈরি হলেও বৃষ্টি উপেক্ষা করেই অংশগ্রহণকারীরা সেখানে অবস্থান নেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারির সভাপতিত্বে আয়োজিত এই মহাসমাবেশে জাতীয় রাজনীতিবিদ, বিভিন্ন দেশের সুফি গবেষক, পীর-মাশায়েখ ও ধর্মীয় আলেমরা বক্তব্য প্রদান করেন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অনুষ্ঠানস্থলে নারী-পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল।
এসআর