কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পবিত্র
ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ১২ই রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ আগমন ও জীবনাদর্শ স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয়ের মিলনায়তনে মহানবী (সা.)-এর পবিত্র জীবনী ও মানবকল্যাণমূলক কর্মের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম মাহফুজ।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর নৈতিকতা, সাম্য, ইনসাফ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, তৎকালীন অন্ধকার দূর করে বিশ্বনবী শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন। তাঁর প্রদর্শিত পথ ও নির্দেশনাবলি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য উত্তম আদর্শ।
আলোচনা শেষে মহানবী (সা.)-এর শানে দরুদ ও মিলাদ পাঠ করা হয়। পরবর্তীতে মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করা হয়। পরিশেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
এসআর