মাগুরার শালিখা উপজেলার ফটকি নদীর ওপর ১৬ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত একটি সেতু
মূল কাজ শেষের দুই বছর পরও চালু হতে পারেনি। এক পাশের সংযোগ সড়ক না থাকায় সেতুটি অচল হয়ে পড়ে আছে, যার ফলে দুই উপজেলার বাসিন্দাসহ দূরপাল্লার হাজারো যানবাহন পাশের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
২০২২ সালের মার্চে মোজাহার এন্টারপ্রাইজ সেতুটির নির্মাণকাজ শুরু করে এবং ২০২৪ সালে সেতুর মূল কাঠামো ও মাগুরা সদর অংশের সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়। তবে শালিখার আড়পাড়া বাজার অংশে প্রায় ২৩৫ মিটার জায়গার জমি অধিগ্রহণ জটিলতা সৃষ্টি হওয়ায় সেই অংশটির সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। ফলে অনেক সময় পথচারী ও যানবাহন ভুল করে সেতুতে উঠে বিপদে পড়ায় স্থানীয়রা লাল ফিতা টানিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। অন্যদিকে বাধ্য হয়ে মাগুরা-যশোর ও ঢাকা-খুলনা রুটের ভারী ও মাঝারি যানবাহনগুলো প্রতিদিন জরাজীর্ণ পুরোনো সেতুটি দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে।
মাগুরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ জানান, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ামাত্রই সংযোগ সড়কের নির্মাণ শুরু হবে এবং সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় জমি মালিকরা দ্রুত জমি অধিগ্রহণের পাওনা মিটিয়ে দিয়ে সংযোগ সড়কটি সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন।
এসআর