ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি বড় ইলিশ।
স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত মাছটি নিলামে বিক্রি হয়েছে ৮ হাজার ৫০০ টাকায়।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কিরন মাঝি। পরে বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে অনুষ্ঠিত নিলামে অংশ নিয়ে মৎস্য ব্যবসায়ী ফিরোজ ৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে কিরন মাঝি জানান, সকালে মেঘনায় মাছ ধরার সময় জালে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকারের এই মাছটিও ধরা পড়ে। পরে সব মাছের সঙ্গে বড় ইলিশটিকেও আড়তে নিলামে তোলা হয়।
ব্যবসায়ী ফিরোজ জানান, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নিলেও শেষ পর্যন্ত তিনি মাছটি কিনে নেন। লঞ্চে করে ইলিশটি ঢাকার কাওরান বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেখানে ভালো দামে মাছটি বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের পরিমাণ তুলনামূলক কম। এর মধ্যেই বড় আকারের একটি ইলিশ ধরা পড়ায় তারা আশাবাদী। বৃষ্টিপাত বাড়লে নদীতে আরও বড় ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
এসআর