চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক ৫টি অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাজাসহ ৬
জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৩ আগস্ট ২০২৬ (রোববার) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পলাশপুর এলাকায় কচুয়া-গুলবাহার রোডে আলমগীর বেডিং স্টোরের সামনে থেকে সিয়াম (১৯) নামের এক তরুণকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পৃথক অভিযানে ৪নং ওয়ার্ডের কড়ইয়া এলাকায় খাজা জামে মসজিদের সামনে থেকে নুরে আলম (৩২) নামের এক যুবককে ৭ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এছাড়া পলাশপুরের বাটা জাকিরের বালুর মাঠ থেকে রিপন (৪৯) নামের অপর এক ব্যক্তি ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন।
পুলিশের অন্যান্য অভিযানে ৩নং বিতারা ইউনিয়নের বুধুন্ডা এলাকা থেকে সাহিন মিঞা (১৯) ও রাসেল (২৪) নামের দুই তরুণকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। অন্যদিকে কড়ইয়া গ্রামের মন্দার বাড়ির পশ্চিম পাশের ব্রিজের ওপর থেকে ৪০ গ্রাম গাজাসহ শাকিল (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ও গাজার বিবরণ উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে কচুয়া থানায় পৃথক ৫টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত ৬ আসামীকে ২৪ আগস্ট ২০২৬ (সোমবার) পুলিশ পাহারায় চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআর