সাতক্ষীরার শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সরকারি সেবায় অভিগম্যতা
বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে নাগরিক উদ্যোগ ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল এবং মরমী মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী।
চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় সভায় দলিত নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, স্যানিটেশন ও কর্মসংস্থানের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলিত জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসআর