নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ এবং ধর্ষণে
সহায়তার অভিযোগে জনি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। একই সাথে ভুক্তভোগী ছাত্রীকে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
২৩ আগস্ট রবিবার সকালে র্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে যে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২০ আগস্ট সকালে কোচিংয়ে যাওয়ার পথে রনি (২২) নামে এক যুবক তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর ভাই কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-১৪ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে ২২ আগস্ট শনিবার রাতে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা থেকে ধর্ষণে সহায়তাকারী জনিকে গ্রেফতার এবং ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে। উদ্ধারকৃত ছাত্রীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত জনিকে আইনানুগ ব্যবস্থার জন্য কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এসআর