[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

আরএমপির হারিয়ে যাওয়া ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ৮:১৫ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে পুনঃস্থাপিত নামফলকটি উন্মোচন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।


আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর স্মারক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নামফলক স্থাপন করেছিলেন।

দীর্ঘ সময়ের ব্যবধানে নামফলকটি ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে হারিয়ে যায়। প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এর গুরুত্ব বিবেচনা করে পুরোনো স্মারকটি পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।


নামফলক উন্মোচন অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সভাপতি মো. মামুনুর রশীদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আরএমপির প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর সঙ্গে সংশ্লিষ্ট এই স্মারক শুধু একটি নামফলক নয়; এটি প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলা, ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।


তারা আরও বলেন, নামফলকটি পুনঃস্থাপনের মাধ্যমে আরএমপির ইতিহাস সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে প্রতিষ্ঠানটির শুরুর সময়ের গুরুত্বপূর্ণ স্মৃতি তুলে ধরার সুযোগ তৈরি হলো। এর মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঐতিহ্য ও গৌরবময় পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও সংরক্ষিত হলো।

এসআর

সম্পর্কিত খবর