[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

সিলেটে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ৫:৪৯ পিএম

সংগৃহীত ছবি

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি তেলবাহী ট্যাংকলরি।

এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, প্রায় পাঁচ থেকে ছয়জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর আগে গত ৭ আগস্ট একই মহাসড়কের ওসমানীনগর অংশে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন।

ওই দুর্ঘটনার পর অল্প সময়ের ব্যবধানে একই সড়কে আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর