নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, তারা হোটেলটিতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভার বাজার এলাকায় অবস্থিত রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—চাটেখেলর তালতলা গ্রামের আবু নাছের শরীফ (৬৩), মিরসরাইয়ের মো. ইমন হোসেন (৩২), চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মো. হানিফ (৩৫), একই পৌরসভার সাফায়েত হোসেন সাকিব (২৭), বরিশালের রিনা বেগম (৩৪), সুনামগঞ্জের স্নেহা আক্তার (২১), ঢাকার যাত্রাবাড়ীর মাইশা আক্তার (১৮), সুধারাম থানার সল্যা সোনাপুর এলাকার ইসরাত জাহান পূর্ণিমা (১৮), নোয়াখালী পৌরসভার ফাতেমা আক্তার নুসরাত (১৮), জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), বেগমগঞ্জের হাজীপুর গ্রামের মরিয়ম আক্তার (৩০) এবং নওগাঁর বদলগাছি এলাকার মিম আক্তার (২৮)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আট নারীসহ মোট ১২ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এসআর