চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বাসিন্দা। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সকালে ইয়ার্ডে থাকা একটি জাহাজে হাউজকিপিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। এতে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে জাহাজের ভেতর থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় আহত ও অসুস্থ আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন মারা যাওয়ার খবর তারা পেয়েছেন।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আরও দুজন মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসআর