এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)।
কিন্তু নিজের অর্জনের খবর আর জানা হলো না তার। ফল প্রকাশের মাত্র একদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান এই শিক্ষার্থী।
রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। চলতি বছর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন রেজা। পরে তার মৃত্যু হয়।
সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, রেজা জিপিএ ৪.১১ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। যে ফলাফল ঘিরে রেজা ও তার পরিবারের দীর্ঘ অপেক্ষা ছিল, সেই ফল প্রকাশের আগেই তাকে হারাতে হলো পরিবারকে।
ফলাফলের খবর পাওয়ার পর রেজার পরিবারের সামনে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতি। একদিকে সন্তানের কৃতিত্বের খবর, অন্যদিকে তাকে হারানোর শোক—দুই অনুভূতিতে ভারী হয়ে ওঠে পরিবারের পরিবেশ।
একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন রেজার বাবা-মা ও স্বজনরা। সহপাঠীর আকস্মিক মৃত্যুর খবর শুনে শোকাহত তার বন্ধুরাও। রেজার মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেমে এসেছে শোকের আবহ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে রেজার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রেজার অর্জিত জিপিএ ৪.১১ এখন পরিবারের কাছে আনন্দের সাফল্যের চেয়ে প্রিয় সন্তানকে ঘিরে থাকা এক বেদনাবিধুর স্মৃতি হয়ে রইল।
এসআর