মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের ১৫ বছর বয়সী হাফেজ মো. ইব্রাহিম মোল্লার চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।
খাদ্যনালীর জটিল সমস্যায় আক্রান্ত এই কিশোরের দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।
ইব্রাহিম দিনমজুর তাজুল মোল্লার একমাত্র ছেলে। তিনি শ্রীরামপুর হাজি গয়রাতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এবং ইতোমধ্যে পবিত্র কুরআনের আট পারা মুখস্থ করে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস ধরে ইব্রাহিম তীব্র পেটব্যথা ও খাবার গিলতে সমস্যায় ভুগছিল। পরে তাকে মাগুরা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুর রহমানের কাছে নেওয়া হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর খাদ্যনালীতে জটিলতা ধরা পড়ে। চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং এ জন্য ঝিনাইদহের আল ফালাহ হাসপাতালে যাওয়ার কথা বলেন।
পরিবারের দাবি, অস্ত্রোপচারে প্রায় এক লাখ টাকা ব্যয় হবে। দিনমজুর বাবার পক্ষে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় তারা সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইব্রাহিম একজন মেধাবী, ভদ্র ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী ছাত্র। তারা আশা করছেন, সবার সহযোগিতায় তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
পরিবারটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সমাজের দানশীল ব্যক্তি এবং দেশের মানুষের কাছে ছেলেটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। একই সঙ্গে তারা ইব্রাহিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সহায়তার জন্য যোগাযোগ:
ফিরোজ মোল্লা (বড় ভাই)
বিকাশ/নগদ: ০১৭৩৯-৪৯৩৭৯৬
এসআর