পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে দুর্বৃত্তরা
কুপিয়ে গুরুতর জখম করেছে। এর আগে তার প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছুড়ে পথরোধ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কিন্ডারগার্টেনের সামনে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িটি থেমে গেলে দুর্বৃত্তরা তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
দলীয় সূত্রে জানা যায়, তিনি জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী ছিলেন। সম্প্রতি স্থানীয় মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ না পাওয়া কেন্দ্র করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করা নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। পরবর্তীতে শরিফসহ ৬ নেতা কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ পাঠালে এই বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। ঈশ্বরদী থানার কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
এসআর