[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

বারহাট্টায় বাকৃবির ফিশারিজ শিক্ষার্থীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বারহাট্রা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৮:৫৪ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় বারহাট্টা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ফিল্ড ভিজিটের অংশ হিসেবে বাকৃবির ফিশারিজ অনুষদের ৩২ শিক্ষার্থী এতে অংশ নেন।

 

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাকৃবির সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ বাবুল, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আনিসুল আলম শামীম, ডেইলি মিররের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রেজভী, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুখলেছুর রহমান হীরা এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন।

 

মতবিনিময়কালে শিক্ষার্থীরা বারহাট্টা উপজেলার কৃষি ও মৎস্য খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও অভিজ্ঞতা শোনেন। এ সময় উপজেলার কৃষি ও মৎস্যনির্ভর অর্থনীতি, স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ এবং উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

 

বাকৃবির সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা জানান, শিক্ষার্থীদের ফিল্ড ভিজিট ও এ ধরনের মতবিনিময় তাদের কোর্স মূল্যায়নের অংশ। এ কার্যক্রমের জন্য ২০ নম্বর নির্ধারিত রয়েছে। সভাটি সুন্দরভাবে আয়োজন করায় প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বারহাট্টা কৃষিনির্ভর একটি এলাকা এবং এখানকার মানুষের আতিথেয়তা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ অঞ্চলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, কৃষি ও মৎস্য খাতে বারহাট্টার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব খাতের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা নিজেদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় কৃষি ও মৎস্য খাতের অগ্রগতিতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

 

সভাপতির বক্তব্যে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। কর্মজীবনে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করলেও বারহাট্টা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ যোগাযোগ স্মরণে রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বারহাট্টা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ৩২ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর