ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী।
লায়লার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছর ধরে সম্পর্ক। আমিন দেশে থাকার সময় দুই বছর এবং পরে দুবাই যাওয়ার পর আরও দুই বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। তবে বর্তমানে আমিন বিয়েতে রাজি নন বলে অভিযোগ করেছেন তিনি।
লায়লার বাবা সোহাগ খান বলেন, বিয়ের আশ্বাসে দীর্ঘদিন সম্পর্কের পর এখন অস্বীকৃতি জানানোয় তার মেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। স্থানীয় সর্দার-মাতব্বররা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও এখনো কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।
আমিন খানের বড় ভাই আজমল খান জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে আমিন বর্তমানে বিয়েতে সম্মত নন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, তরুণীর অবস্থানের বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক দফা আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে এবং বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় বুধবার পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
এসআর