নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের পদ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।
আবেদনে আব্দুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
এর আগে গত জুনে বিএনপি নেতা রাশেদ খান হান্নান মাসউদের নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য থাকার অভিযোগ তোলেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও দেন এবং সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন তোলেন।
নির্বাচনী হলফনামায় মিথ্যা বা অসত্য তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে।
তবে হান্নান মাসউদের বিরুদ্ধে করা বর্তমান রিটের অভিযোগের বিষয়ে আদালতের শুনানি ও পরবর্তী আদেশের পরই এ বিষয়ে চূড়ান্ত আইনগত অবস্থান স্পষ্ট হবে।
এসআর