[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

রাজশাহীতে এডিসের লার্ভা বৃদ্ধি: ব্রেটো সূচক উঠে ডেঙ্গুর উচ্চঝুঁকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীতে এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্বাস্থ্য

 অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ৩ থেকে ১০ আগস্ট চালানো কীটতাত্ত্বিক জরিপে দেখা যায়, নগরীর ৭৫টি বাড়ির মধ্যে ২৪টিতেই (৩২ শতাংশ) এডিস মশার লার্ভা পাওয়া গেছে। কাজিহাটা, চণ্ডীপুর, উপরভদ্রা, নামোভদ্রা ও হাজরাপুকুর এলাকায় পরিচালিত এই জরিপে ব্রেটো সূচক পাওয়া গেছে ৬১.৩৩ শতাংশ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ঝুঁকি সীমার (২০ শতাংশ) চেয়ে তিন গুণেরও বেশি। জমানো পানি, ফুলদানি, প্লাস্টিক ও সিরামিকের টবসহ নানা পাত্র থেকে লার্ভা উদ্ধার করা হয়। এর আগে গত মে মাসের জরিপে ব্রেটো সূচক ছিল ৩০.৬৬ শতাংশ, যা দুই মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে।

​এদিকে এডিস মশার উপদ্রব বৃদ্ধির সাথে সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু রোগীর ভর্তি ক্রমেই বাড়ছে। গত জুন মাসে যেখানে রোগী ছিলেন মাত্র একজন, আগস্টে তা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ২৭ জনে। গত ১১ আগস্ট সেখানে একজন ডেঙ্গু রোগীর মৃত্যুও হয়েছে। হাসপাতালের তথ্যমতে, প্রতিদিন নতুন করে রোগী ভর্তি হচ্ছেন এবং অনেকেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানান, প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান চালানোসহ ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ অব্যাহত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর