[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

মুরাদনগরে ৫০ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, সন্তান পেতে মায়ের আকুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৮:৩৫ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি এক শিশুকে বিক্রি করে

 দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে তার নিজ খালার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর সরেরপাড় এলাকায়। সন্তান হারিয়ে মা তাছলিমা আক্তার এখন দিশেহারা এবং শিশুটিকে কোলে ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। ভুক্তভোগী তাছলিমা একই গ্রামের আল-আমিনের স্ত্রী, আর হারিয়ে যাওয়া শিশুটি তাদের আট সন্তানের মধ্যে সবচেয়ে ছোট।

​মা তাছলিমার ভাষ্যমতে, গত ১৮ জুলাই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার পথে মজিদ কলেজ মাঠ এলাকায় তার শারীরিক ও মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে সুস্থ হয়ে তিনি দেখতে পান তার শিশুটি আর কাছে নেই। তার দাবি, চক্রান্ত করে তার খালা শিশুটিকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন এবং তিনি এর বিনিময়ে কোনো টাকা চান না, শুধু নিজের সন্তানকে ফেরত চান।

​অন্যদিকে, অভিযুক্ত খালা ছেনোয়ারা বেগম এই অভিযোগ অস্বীকার করে বিষয়টি তাছলিমার মামা বাবুল মিয়া জানেন বলে দাবি করেন। বাবুল মিয়াও স্ট্যাম্পে স্বাক্ষরের কথা স্বীকার করলেও শিশুটির বর্তমান অবস্থান সম্পর্কে কিছু না জানার কথা বলেন এবং এর জন্য শিশুটির বাবা আল-আমিনকে দায়ী করেন। তবে শিশুটির বাবা আল-আমিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে এবং তার সন্ধান পেতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর