[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

জাপানের সঙ্গে বিনিয়োগ ও জনশক্তি উন্নয়নে আগ্রহ রাজশাহী সিটির

রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৭:৪৯ পিএম

সংগৃহীত ছবি

জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ বৈঠক হয়। সাক্ষাতের শুরুতে জাপানি প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।


বৈঠকে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কাজে লাগানো, আম প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা, জাপানি ভাষা শিক্ষার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা, তথ্যপ্রযুক্তি এবং বিনিয়োগের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


এ ছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো একটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক গড়ে তোলার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।


রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে জাপানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী রাজশাহী সিটি করপোরেশন।


জাপানের প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদও উপস্থিত ছিলেন।


বৈঠকে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর