[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

সুন্দরবন ভ্রমণে জাবির নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৯:৫২ পিএম

সংগৃহীত ছবি

সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এক সহপাঠী আহত হয়েছেন। একই ঘটনায় এক নারী শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুজন মোড়ল (৩৪) ও হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজীকে (৫৭) গ্রেপ্তার করে। সোমবার (১৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


মামলার এজাহার অনুযায়ী, জাবির চারুকলা ও অর্থনীতি বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও তার স্বামীসহ একটি দল নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন।

রোববার বিকেলে মোংলা থেকে মাহেন্দ্রযোগে তারা ফকিরহাটের কাটাখালী মোড়ে আসেন। পরে খাবার খেয়ে যশোর যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেন।


এজাহারে উল্লেখ করা হয়, এক শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় তিনি রুমমেটকে সঙ্গে নিয়ে বিকাশ থেকে টাকা তুলতে কাটাখালী মোড়ের পুলিশ বক্সসংলগ্ন এলাকায় যান।

সেখানে হুমায়ুন কবীর ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য ও তার পোশাক নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ করা হয়েছে। প্রতিবাদ জানালে তাকে জুতাসহ ভয় দেখানো হয়। এ সময় সুজন মোড়লও অশালীন মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


ঘটনার কথা অন্য সহপাঠীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চান। তখন দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে হুমায়ুন কবীর এক ছাত্রীকে আঘাত করে আহত করেন এবং আরেক ছাত্রীর স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেন।


মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সুজন মোড়ল শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন মন্তব্য করার পাশাপাশি চারুকলা বিভাগের এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেন। এ সময় দুই আসামি মিলে শিক্ষার্থীদের গালিগালাজ ও ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।


ঘটনার পর রোববার রাত ১০টার দিকে এক ভুক্তভোগী শিক্ষার্থী ফকিরহাট মডেল থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসআর

সম্পর্কিত খবর