চট্টগ্রামে এক রাতের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরের প্রধান বাণিজ্যকেন্দ্র
রিয়াজউদ্দিন বাজার প্লাবিত হয়ে কোটি টাকারও বেশি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকাল পর্যন্ত হওয়া এই বৃষ্টিতে বাজারের বিভিন্ন সড়ক, দোকান ও গুদামে পানি ঢুকে পড়ে। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচতলায় রাখা কাপড়, জুতা, প্রসাধনী ও ইলেকট্রনিকসহ বিপুল পরিমাণ পণ্য সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এতে মারাত্মক আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার এবং কেবল ৩ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রিয়াজউদ্দিন বাজার ছাড়াও শহরের আগ্রাবাদ, সিডিএ, মুরাদপুর ও চকবাজারসহ বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমরসম পানি জমে চরম ভোগান্তি তৈরি হয়েছে। নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান ও ড্রেন নিয়মিত পরিষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এসআর