[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থী সীমান্ত হত্যা: তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৩:২৮ পিএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাতে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।

 

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ছিনতাই, হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

মামলার নথি অনুযায়ী, ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন তিনি।

 

এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। গুরুতর আহত সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।

 

আদালত সূত্র আরও জানায়, হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এসআর

সম্পর্কিত খবর