কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে চৌদ্দগ্রাম মডেল থানা।
রোববার বিকেলে চৌদ্দগ্রাম পৌর মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর। এ ছাড়া বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) গোলজার আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা মাদকের ভয়াবহতা ও এর সামাজিক ক্ষতির দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে সমাবেশস্থল থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন সড়ক ঘুরে সচেতনতার বার্তা প্রচার করে।
এসআর