কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার এ কে এম আলী মহসীন অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা আমির হামজার গাড়িতে হামলা চালিয়েছেন।
এ সময় তাঁদের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীরাও ছিলেন বলে দাবি করেন তিনি। হামলায় গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
তিনি জানান, হামলায় আমির হামজা আহত হননি।
ঘটনার পর তিনি নিজ বাসায় অবস্থান করছেন এবং দলীয় নেতা-কর্মীরা সেখানে নিরাপত্তায় রয়েছেন।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি গণ অধিকার পরিষদকে নিয়ে আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে শহরের ছয়রাস্তার মোড়ে সমাবেশ করে সংগঠনটির নেতা-কর্মীরা।
সন্ধ্যার দিকে ওই পথ দিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিলেন আমির হামজা। তাঁর গাড়ির সামনে ও পেছনে পুলিশের গাড়ি ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গাড়িটি মোড় অতিক্রম করার সময় গণ অধিকার পরিষদ ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও ধাক্কাধাক্কির একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে আমির হামজার গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আমির হামজাকে গাড়ি থেকে নামিয়ে হেঁটে তাঁর বাসার দিকে নিয়ে যান।
পরে দুই পক্ষের মধ্যে কয়েক মিনিট ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এতে ছয়রাস্তার মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনাস্থলেই ছিল।
এর মধ্যেই আকস্মিকভাবে ভাঙচুরের ঘটনা ঘটে। আমির হামজা নিরাপদে বাসায় রয়েছেন এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, আমির হামজার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত তানভীর হোসাইন দাবি করেন, একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা তাঁর গাড়িতে হামলা চালান। ইটের আঘাতে তিনি নিজেও পায়ে আঘাত পেয়েছেন বলে জানান।
ঘটনার পর সন্ধ্যায় আমির হামজার বাসার সামনে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। সেখানে কয়েকজনকে লাঠিসোঁটা হাতে অবস্থান করতেও দেখা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এসআর