সত্যের পথে অর্ধশত পেরিয়ে পথচলার সুবর্ণজয়ন্তী।
“সত্যের পথে অর্ধশত পেরিয়ে দৈনিক করতোয়া”—এই প্রত্যয়কে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক করতোয়ার ৫১ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের কথা তুলে ধরার ভূমিকা নিয়ে আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর চকরিয়া প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার কক্সবাজার জেলা প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহাজালাল শাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক খবরপত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি, ইংরেজি দৈনিক মর্নিং গ্লোরির প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক এ কে এম মোজাম্মেল হক। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৫১ বছরের পথচলায় দৈনিক করতোয়া সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।
তিনি পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ-বিদেশের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক করতোয়ার ঢাকা অফিসের সিনিয়র সাংবাদিক সুলতানুল রহমান পত্রিকাটির দীর্ঘ সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য ও উপস্থিতি ছিল দৈনিক বাংলাদেশের আলো-এর বিশেষ প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ, দৈনিক অগ্নিশিখার চকরিয়া প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী, দৈনিক স্বাধীন সংবাদের চকরিয়া প্রতিনিধি ও অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, দৈনিক মুক্ত খবরের চকরিয়া প্রতিনিধি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ রিজওয়ানুল হক, দৈনিক ঘোষণার চকরিয়া প্রতিনিধি ও প্রচার সম্পাদক আরাফাত সানি, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সদস্য সুধীর চন্দ্র দাসসহ কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী হাতিয়ার। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দৈনিক করতোয়া সাংবাদিকতার এই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও পত্রিকাটি আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সদস্য ও কক্স ২৪ নিউজের সম্পাদক মাওলানা মো. বাকি বিল্লাহ।
সভাপতির বক্তব্যে এম আলী হোসেন বলেন, “দৈনিক করতোয়ার সঙ্গে আমার দীর্ঘ ১৮ বছরের পথচলা। এই পত্রিকার সঙ্গে কাজ করতে গিয়ে সাংবাদিকতার অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আগামী দিনেও দৈনিক করতোয়া সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে—এটাই প্রত্যাশা।”
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসআর