[email protected] রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

ইতালি যাওয়ার আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ৬:০০ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তাফহিমুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

পরিবারের স্বজনদের ভাষ্য, শনিবার (১৫ আগস্ট) ইতালির উদ্দেশে তার দেশ ছাড়ার কথা ছিল। তবে ফ্লাইটের একদিন আগে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় বিদেশ যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না।

 

শুক্রবার (১৪ আগস্ট) মাগরিবের সময় উপজেলার আমতলা-বটতলার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে ৪-৫ বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। আমতলা-বটতলার মাঝামাঝি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের দলের অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাফহিমুল গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনায় মেহেদী নামে আরেক মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি উপজেলার মনপুরা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

নিহত তাফহিমুল ইসলাম কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের পূর্ব মনপুরা গ্রামের হাটখোলা বাড়ির হানিফ মাস্টারের নাতি।

 

পরিবারের সদস্যরা জানান, ইতালিতে যাওয়ার জন্য তাফহিমুলের ভিসাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। শনিবার তার ফ্লাইট নির্ধারিত ছিল। কিন্তু তার আগের দিনই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

 

তাফহিমুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর